মহেশখালীতে আবারও পাহাড় কাটা!
কক্সবাজারের মহেশখালী উপজেলার বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে আবারও অবৈধভাবে পাহাড় কাটা হচ্ছে। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি পাহাড়ের ঢালে শতাধিক বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।এলাকাবাসী জানান, প্রশাসনের নজরদারির কারণে কয়েক মাস পাহাড়ের বালু বেচাকেনা বন্ধ থাকলেও সম্প্রতি আবারও তা শুরু হয়েছে। স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি রাতের অন্ধকারে পাহাড় কাটছেন। গত রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের ছালিয়াতলী এলাকায় পাহাড়ের বালু বিক্রি করছে স্থানীয় লোকজন। প্রতি ট্রাক ২০০ টাকা করে ওই বালু বিক্রি হচ্ছে। পাহাড়ের বালু অবাধে বিক্রি করায় ছালিয়াতলী এলাকায় বড় বড় পুকুরের মতো সাত-আটটি গর্তের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বালু পরিবহনের কাজে নিয়োজিত ট্রাকচালক মোহাম্মদ রহিম উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বালু বিক্রেতার সঙ্গে চুক্তি অনুযায়ী ট্রাকে বালু ভর্তি করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এতে পরিবেশের ক্ষতি হলেও আমার কিছু করার নেই।’এলাকাবাসী জানান, গত বছরের অক্টোবর মাসে ছালিয়াতলী এলাকা থেকে পাহাড়ের বালু নিয়ে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বদরখালী বাজারের দক্ষিণ পাশের একটি জলাশয় ভরাট করা হয়। পরে পরিবেশ অধিদপ্তর বদরখালী কৃষি উপনিবেশ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ চার সদস্যকে পাঁচ লাখ টাকা জরিমানা করে।স্থানীয় কালারমার ছড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদিন প্রথম অলোকে বলেন, ‘পাহাড় থেকে বালু উত্তোলন করে বেচাকেনা চলছে কি না, তা আমার জানা নেই।’ পাহাড়ের বালু বিক্রি প্রসঙ্গে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত কুমার বড়ুয়া জানান, এ নিয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান প্রথম অলোকে বলেন, ‘যারা পাহাড় কাটছে, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা হয়েছে। তবে নতুন করে কেউ বালু বেচাকেনা করলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, পাহাড়ের বালু বেচাকেনার অভিযোগে চার মাস আগে ছালিয়াতলী এলাকার পাঁচ ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর কিছুদিন বালু বেচাকেনা বন্ধ ছিল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবার বন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।’