মহেশখালীতে আমিরসহ জামায়াতের ছয় নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রদ্রোহ মামলায় কক্সবাজারের মহেশখালী উপজেলা জামায়াতে ইসলামীর (দক্ষিণ) আমির মোহাম্মদ জাকের হোসেনসহ ছয় কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার দুপুরে তাঁদের কারাগারে পাঠানো হয়।মহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামায়াতের নেতা-কর্মীরা জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠান। বাকি পাঁচজন হলেন: মোহাম্মদ আক্তার হোসেন, শফিউল আলম, শহিদুল ইসলাম, আবদুস সালাম ও নুরুল হক।পুলিশ জানায়, গত বছরের ১৩ আগস্ট উপজেলার শাপলাপুর বাজারে জামায়াতের কর্মীরা রাষ্ট্র, সংবিধান ও সরকারবিরোধী লিফলেট বিতরণকালে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা লিফলেটগুলো জব্দ করেন। এ নিয়ে ওই রাতেই শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার ইদ্রিচ বাদী হয়ে মহেশখালী থানায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির জাকেরসহ ১৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গত বছরের ২৩ সেপ্টেম্বর অভিযোগটি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা ও মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শওকত হোসেন গত ৫ মে মহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জাকের হোসেনসহ জামায়াতে ইসলামীর ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন। গতকাল আদালত অভিযোগপত্রটি অন্তর্ভুক্ত করেন।আসামিপক্ষের আইনজীবী হামিদুল হক বলেন, অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত জাকের হোসেনসহ ওই ছয়জন অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। কিন্তু পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করায় তাঁদের আর জামিন হয়নি।