মহেশখালীতে ইউনিয়ন আ’লীগের সম্মেলন পণ্ড
কাউন্সিলর তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার বিকেলে পণ্ড হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ওয়ার্ড পর্যায়ের কাউন্সিলরদের আপত্তির মুখে দলীয় নেতারা সম্মেলন ছেড়ে যেতে বাধ্য হন। হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলম বলেন, দলের ইউনিয়ন কমিটির নেতারা ওয়ার্ড কাউন্সিলরদের নাম বাদ দিয়ে নতুন নাম তালিকাভুক্ত করার বিষয়ে আপত্তি জানান। একই পরিবার থেকে একাধিক সদস্যকে কাউন্সিলর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান বলেন, সাংগঠনিক কারণে সম্মেলন সাত দিনের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছে। হোয়ানক বহুমুখী উচ্চবিদ্যালয়ে গতকাল ওই সমেঞ্চলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা সিরাজুল মোস্তফা, নুরুল আমিন, আশেক উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান, নেতা আলী আহমদ, ফরিদুল আলম ও সরওয়ার কামাল, পৌর মেয়র মকছুদ মিয়া এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির কাসেম চৌধুরী প্রমুখ।