মহেশখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাস তদন্ত করার পর অবশেষে কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটার ইউপি চেয়ারম্যান আহসানউল্লাহর বিরুদ্ধে আদালতে দায়ের করা অভিযোগটি গত শুক্রবার হত্যা মামলা হিসেবে অন্তর্ভুক্ত করেছে থানা-পুলিশ।
এর আগে গত ১৭ জুলাই উপজেলার ধলঘাটায় আবুল কাসেম (৩৫) নামের এক যুবককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে তাঁর ছোট ভাই আবুল শামা বাদী হয়ে ধলঘাটা ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহসহ ৩০ জনের বিরুদ্ধে মহেশখালী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করে।
এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার ধলঘাটা ইউনিয়নে একটি চিংড়িঘের নিয়ে আবুল কাসেমের পরিবারের সঙ্গে স্থানীয় ধলঘাটা ইউপি চেয়ারম্যানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত ১৪ জুলাই গভীর রাতে ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহর পরিকল্পনায় তাঁর গ্রুপের লোকজন কাসেমের বাড়িতে হামলা চালায়। পরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষরা ধারালো দা দিয়ে কুপিয়ে কাসেমকে পরিকল্পিতভাবে হত্যা করে।
মামলার বাদী আবুল শামা বলেন, ‘আমার ভাইকে প্রতিপক্ষ চেয়ারম্যান গ্রুপের লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে।’
তবে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ ভিত্তিহীন দাবি করে ধলঘাটার ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, প্রবাসীর বাড়ি ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী একটি অস্ত্রসহ কাসেম ডাকাতকে আটক করেছে। পরে এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার হয়ে ডাকাত কাসেম নিহত হন। মহেশখালী থানার ওসি মোহামঞ্চদ আলমগীর হোসেন বলেন, আদালত থেকে আসা অভিযোগটি তদন্তের এক মাস পর হত্যা মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।