মহেশখালীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গতকাল বুধবার বদি আলম (৩০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পরে সন্ত্রাসীরা নিহত বদির দুই ভাইকেও মারধর করে।স্থানীয় সূত্র জানায়, পাহাড়ি জমি নিয়ে উপজেলার ফকিরজুমপাড়ার নয়াপাড়া গ্রামের বদি আলম ও আক্তার হোসেনের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে বদি আলম পাহাড়ি এলাকায় তাঁর দখলে থাকা জমি দেখাশোনা করতে যান। এ সময় আক্তার হোসেন তাঁর দলবল নিয়ে ওই জমি দখল করতে যান। বদি এতে বাধা দিলে আক্তার হোসেনের লোকজন তাঁকে ধরে গহিন অরণ্যে নিয়ে যায়। পরে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বদিকে হত্যা করে।সূত্র আরও জানায়, পাহাড়ি এলাকায় বদির লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় বদির দুই ভাই ফরিদুল আলম ও সেকান্দার হোসেন সন্ত্রাসীদের ধাওয়া করে। কিন্তু সন্ত্রাসীরা উল্টো দুই ভাইকে বেধড়ক মারধর করে। এতে তাঁরা আহত হন।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির প্রথম আলোকে জানান, বদির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।