মহেশখালীতে এক শিশু গণধর্ষণের শিকার
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকে গত সোমবার দুপুরে ১০ বছর বয়সী এক শিশুকন্যা গণধর্ষণের শিকার হয়েছে। ওই দিন সন্ধ্যায় পাহাড়ি এলাকা থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গতকাল দুপুরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল বিকেল পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।মেয়েটির বক্তব্যের বরাত দিয়ে পুলিশ বলেছে, শিশুটি কাঁঠালতলী এলাকার একজন দিনমজুরের মেয়ে। সে হোয়ানকছড়ার পাহাড়ি এলাকায় লাকড়ি কুড়াতে গিয়েছিল। দুপুরে একদল যুবক সেখান থেকে তাকে ধরে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন সেন প্রথম আলোকে বলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে মহেশখালী থানায় মামলা করেছেন। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।