মহেশখালীতে এক হাজার একরের আমন ধান পানির নিচে
কক্সবাজারের মহেশখালীতে এক হাজার একর জমির আমন ধানের খেত পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে ২০০ একরের ধানের গাছ নষ্ট হয়ে গেছে। সম্প্রতি নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে অস্বাভাবিক জোয়ার হওয়ায় এলাকার বেড়িবাঁধের বিশাল অংশ ভেঙে যায়। এসব অংশ দিয়ে পানি ঢুকে উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি নিম্নচাপের প্রভাবে উপজেলার বড় মহেশখালী, শাপলাপুর, হোয়ানক, কালারমারছড়া ও মাতারবাড়িতে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অন্তত এক হাজার একরের আমন ধানের খেত তলিয়ে যায়।জামিরছড়ির কৃষক কামাল হোসেন, আমির হোসেন ও দলিলুর রহমান জানান, কাটার আগমুহূর্তে জোয়ারের পানিতে আমন ধানের খেত তলিয়ে গেছে। গত কয়েক দিনে পানি না সরায় এখন গাছগুলো নষ্ট হয়ে গেছে। তাঁরা আরও জানান, বাঁধগুলো অনতিবিলম্বে সংস্কার না করলে ভবিষ্যতে এই এলাকার কয়েক হাজার কৃষক জমিতে চাষ করতে পারবেন না।শালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী প্রথম আলোকে জানান, বাঁধ সংস্কারের জন্য অনেকবার পাউবোর কার্যালয়ে আবেদন পাঠানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। উপজেলা কৃষি কর্মকর্তার দায়িত্বরত ফিরোজ আলম জানান, পানি ঢুকে পড়ায় প্রায় এক হাজার একর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় ২০০ একরের ধান নষ্ট হয়ে গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন বলেন, বাঁধ দিয়ে লোকালয়ে জোয়ারের পানি ঢোকায় এলাকার কৃষকদের পাশাপাশি সাধারণ জনগণ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার করার জন্য পাউবোর কর্মকর্তাদের উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে।পাউবোর কক্সবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান খান বলেন, সম্প্রতি ৬৯ ও ৭০ নম্বর পোল্ডারের ভেঙে যাওয়া বাঁধ জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে বাঁধ সংস্কার করা হবে।