মহেশখালীতে এনজিও কর্মীকে অপহরণ, ৮ ঘণ্টা পর উদ্ধার
কক্সবাজারের মহেশখালীতে অপহরণের আট ঘণ্টা পর গত মঙ্গলবার রাতে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার গোরকঘাটা বাজারের শাপলাপুর জিপ স্টেশন থেকে মাহাবুব আলমের নেতৃত্বে কয়েকজন ফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি এনজিওর কর্মী মোহাম্মদ শফিকুর রহমানকে অপহরণ করে। এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে তাঁকে বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়ার রাস্তার মোড়ে একটি দোকানে আটক রাখা হয়। এ সময় তাঁর ওপর নির্যাতন চালানো হয়।শফিক মুঠোফোনে তাঁর খালাতো ভাই সৈয়দুল মোস্তফাকে এক লাখ টাকা দিয়ে তাঁকে উদ্ধার করে নিতে বলেন। সৈয়দুল ঘটনাটি মহেশখালী থানার পুলিশকে জানান। পুলিশ রাতে উপজেলার বড় মহেশখালী দেবাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শফিককে উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাহাবুব আলম, মৌলভী আনছারুল করিম ও নুরুল হককে গ্রেপ্তার করে পুলিশ। শফিক বাদী হয়ে মাহাবুব, নুরুল হকসহ কয়েকজনকে আসামি করে মহেশখালী থানায় মামলা করেন।তবে মাহাবুব ও নুরুল হক দাবি করেন, শফিকের কাছে তাঁরা এক লাখ টাকা পাওনা। ওই টাকা উদ্ধারের জন্য তাঁকে আটক করা হয়। অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ ভিত্তিহীন।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শফিককে উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।