মহেশখালীতে এসআই হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় পুলিশ কর্মকর্তা পরেশ কারবারি হত্যা মামলাসহ ১২টি মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে ও গতকাল দুপুরে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: আমান উল্লাহ ও আবুল ফজল। গতকাল সকালে আসামি আমান উল্লাহ পরেশ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাঁর সঙ্গে আরও ২০ জন ওই ঘটনার সঙ্গে জড়িত বলে জবানবন্দিতে তিনি উল্লেখ করেছেন।মহেশখালী থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়া পূর্ব কাঁঠালতলী পাহাড়ে অভিযান চালিয়ে আমান উল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গতকাল দুপুরে একই ইউনিয়নের মোহরাকাটার পশ্চিমে ভাঙা খাল দিয়ে সাগরপথে পালানোর সময় জোনাব আলী গ্রুপের অন্যতম সদস্য ও পরেশ হত্যা মামলার আসামি আবুল ফজলকে গ্রেপ্তার করে পুলিশ।গতকাল সকালে আসামি আমানকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে আমান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, আমান পরেশ হত্যাকাণ্ডের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে তা বলা যাচ্ছে না। ১৮ জানুয়ারি উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়া কাঁঠালতলী এলাকায় একটি মামলার তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের জন্য গেলে সন্ত্রাসীদের গুলিতে মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) পরেশ কারবারি নিহত হন।