মহেশখালীতে কমিউনিটি ক্লিনিকে কর্মবিরতি, দুর্ভোগ
কক্সবাজারের মহেশখালী উপজেলার ২৬টি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবাদানকারীরা গতকাল বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। কর্মবিরতির কারণে সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েন রোগী ও তাঁদের স্বজনেরা।
গতকাল সকাল সাড়ে ১০টায় বড়মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা কমিউনিটি ক্লিনিকে অসুস্থ ছেলেকে নিয়ে যান আলতারাজ বেগম। এক ঘণ্টা অপেক্ষা করার পরও সেবা না পেয়ে তিনি ফিরে যান।
সেবা নিতে আসা আরেক নারী জোছনা আক্তার বলেন, ‘কয়েক দিন ধরে আমার বাচ্চা আরিফা মণির জ্বর। অসুস্থ বাচ্চাকে নিয়ে কোথায় যাব, দুশ্চিন্তায় আছি।’
ফকিরাঘোনার কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত সেবাদানকারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) শাহেনা আক্তার বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়করণসহ বিভিন্ন দাবি নিয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন তাঁরা।
উপজেলার বড়ডেইল কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত সিএইচসিপি কোহিনুর জন্নাত বলেন, কর্মবিরতি পালন করার কারণে রোগীদের সেবা দেওয়া সম্ভব হয়নি।
সিএইচসিপি অ্যাসোসিয়েশনের মহেশখালী উপজেলা সভাপতি নুরুল আলম বলেন, সরকার দাবি মেনে না নিলে আগামী দিনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
জানতে চাইলে মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে থাকা চিকিৎসক মাহফুজুল হক বলেন, স্বাস্থ্যসেবাদানকারীদের কর্মবিরতি পালন করায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।