মহেশখালীতে কমিউনিটি ক্লিনিকে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর
ওষুধ কম দেওয়াকে কেন্দ্র করে গতকাল বুধবার দুপুরে দুর্বৃত্তরা কক্সবাজারের মহেশখালী উপজেলায় একটি কমিউনিটি ক্লিনিকে হামলা চালিয়ে দুই মহিলা কর্মচারীকে মারধর, আসবাব ভাঙচুরও প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা একটার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জোড়াপুকুর কমিউনিটি ক্লিনিকে স্থানীয় মোহামঞ্চদ এহেছান নামের এক তরুণ ওষুধের জন্য যান। কিন্তু চাহিদামতো ওষুধ না দেওয়ায় ওই তরুণ দায়িত্বরত কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) কোহিনুর ইয়াছমিনের ওপর ক্ষিপ্ত হন। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ওই ক্লিনিকে হামলা চালায়। তারা ওই ক্লিনিকের কর্মচারী কোহিনুর ইয়াছমিন ও পরিবার কল্যাণ সহকারী নাজমা বেগমকে মারধর করে বের করে দেয়। পরে আশপাশের লোকজন এসে ওই দুই মহিলা কর্মচারীকে উদ্ধার করেন। তাঁদের গতকাল বিকেলে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার সময় দুর্বৃত্তরা আসবাব ভাঙচুর ও কাগজপত্র তছনছ করেন।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহফুজুল হক বলেন, সরকারি কর্মচারীদের মারধর করার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিতভাবে জানানো হয়েছে। মহেশখালীর ইউএনও মোহামঞ্চদ আনোয়ারুল নাসের বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছি।’