মহেশখালীতে কালবৈশাখীর তাণ্ডবে ৩০০ ঘর বিধ্বস্ত, নিহত ১
কক্সবাজারের মহেশখালী উপজেলার তিনটি ইউনিয়নে গতকাল রোববার কালবৈশাখীতে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় বজ্রপাতে আবদুল করিম (৩০) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। বিকেল থেকে ওই এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে।এলাকাবাসী জানায়, উপজেলার ধলঘাটা, মাতারবাড়ি ও কালারমারছড়া ইউনিয়নের ওপর দিয়ে গতকাল বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত কালবৈশাখী হয়।ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ জানান, কালবৈশাখীতে সুতরিয়া, সরইতলা, পণ্ডিত ডেইল, বেগুন বনিয়াসহ ১০টি গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া জোয়ারের পানি অস্বাভাবিক হারে বাড়ায় গতকাল দুপুরে ধলঘাটার ছয়টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মাতারবাড়ি ইউপির চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।এদিকে গতকাল বিকেলে চিংড়িঘের দেখতে গিয়ে বজ্রপাতে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণকূল গ্রামের আলী আহমদের ছেলে আবদুল করিম নিহত হয়েছেন।মহেশখালী পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) বিপ্লব কুমার সরকার বলেন, ঝড়ের কারণে বিদ্যুৎসংযোগ গতকাল বিকেল পাঁচটা থেকে বিচ্ছিন্ন রয়েছে।সোনাগাজীতে আহত ৬: নিজস্ব প্রতিবেদক, ফেনী ও সোনাগাজী প্রতিনিধি জানান, ফেনীর সোনাগাজী উপজেলার দুটি ইউনিয়নে গত শনিবার কালবৈশাখীর তাণ্ডবে শতাধিক পরিবারের কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘর ও গাছ চাপা পড়ে তিন শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলো আবুল বাশার, রিফাত হোসেন, রুনা আক্তার ও জনি বেগম।উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত শনিবার রাতে উপজেলার চর দরবেশ ও চর চান্দিয়া ইউনিয়নের ছয়টি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এতে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ঝড়ে গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতিসহ একটি গরু ও বেশ কিছু হাঁস-মুরগি মারা গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল্লাহ নূরী প্রথম আলোকে জানান, জরুরিভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এক মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।