মহেশখালীতে কিশোরীর বসতবাড়িতে আগুন দিলেন বখাটেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত শুক্রবার গভীর রাতে এক কিশোরীকে অপহরণ করতে না পেরে বসতবাড়িতে আগুন দিয়েছে স্থানীয় বখাটেরা। এতে বসতবাড়ির লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ নিয়ে মামলা না করার জন্য বখাটেরা কিশোরীর পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোরীর মা বলেন, ‘উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ চরপাড়ার সোনমিয়া আমার কিশোরী মেয়েকে অনেক দিন ধরে উত্ত্যক্তসহ বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। আমার মেয়ে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রতিনিয়ত হুমকি দিচ্ছিল বখাটেরা।’ এ ঘটনার জের ধরে শুক্রবার গভীর রাতে একদল বখাটে কিশোরীর বসতবাড়িতে হামলা চালায়। ওই কিশোরীকে অপহরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে বখাটেরা বসতঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ নিয়ে কিশোরীর মা গতকাল বিকালে মহেশখালী থানায় অভিযোগ করেন। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ হাবিবুর রহমান বলেন, অভিযোগ তদন্তসহ ঘটনার সঙ্গে জড়িত বখাটেদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।