কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও স্থানীয় কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওচমান গণিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার রাতে কালারমারছড়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ওচমনের সমর্থকেরা প্রতিপক্ষের প্রায় ৪০টি ঘর পুড়িয়ে দিয়েছে। পুলিশ ও ওচমানের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে কালারমারছড়া বাজারের পশ্চিম পাশে নিজের ব্যবসায়িক কার্যালয়ে বসে কাজ করছিলেন ওচমান। এ সময় ১০-১৫ জন মুখোশধারী সন্ত্রাসী সেখানে হামলা চালায় এবং ওচমানকে অফিস থেকে বের করে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাঁকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ওচমানের মৃত্যু হয়। হত্যার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওচমানের পক্ষের লোকজন মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় গিয়ে প্রতিপক্ষের লোকজনের অন্তত ৪০টি বসতবাড়িতে আগুন দেয়।মহেশখালী থানার ওসি রণজিত কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, এ ঘটনায় পুলিশ তিন যুবককে আটক করেছে।