মহেশখালীতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে ঢুকছে সাগরের পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটায় বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত প্রায় এক কিলোমিটার অংশ দিয়ে লোকালয়ে ঢুকছে সাগরের পানি। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগ পোহাচ্ছে অন্তত ১০ হাজার লোক।গতকাল বুধবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ধলঘাটার তিন কিলোমিটার বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত এক কিলোমিটার অংশ দিয়ে লোকালয়ে জোয়ারের পানি ঢুকছে। গ্রামবাসী জানায়, জোয়ারের পানিতে পণ্ডিত ডেইল, বেগুন বনিয়া ও সাপমারার ডেইল গ্রাম প্লাবিত হয়। গ্রামগুলোতে অন্তত ১০ হাজার মানুষের বাস। সেখানে বিশুদ্ধ খাওয়ার পানির তীব্র সংকট চলছে। লোনা পানি পান করে অনেকে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, বিভিন্ন সময়ে ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে লোকালয়ে জোয়ারের পানি ঢুকছে। অবিলম্বে বাঁধ সংস্কার করার জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষকে বলা হয়েছে।পাউবোর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাইনুদ্দিন বলেন, বাঁধ সংস্কারের প্রক্রিয়া চলছে। বৃষ্টি কমলেই সংস্কারের কাজ শুরু করা হবে।পাউবো কক্সবাজার কার্যালয় সূত্রে জানা যায়, ধলঘাটার ওই বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে গত জানুয়ারি মাসে প্রায় ১৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কার্যাদেশ দেওয়ার আগে গত এপ্রিলে স্থানীয় লোকজন ওই স্থানে বাঁধ মেরামতের দরকার নেই বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানান। এতে বরাদ্দকৃত ওই টাকা ফেরত নেয় কর্তৃপক্ষ।