মহেশখালীতে খননযন্ত্রসহ বালুবোঝাই ট্রাক জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে কয়েকটি সংরক্ষিত বনের পাহাড় কাটার সময় গতকাল বুধবার একটি এক্সক্যাভেটর (খননযন্ত্র) ও মাটিবোঝাই তিনটি ট্রাক জব্দ করা হয়েছে।পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে এগুলো জব্দ করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল ছয়টা থেকে স্থানীয় দুই ব্যক্তি শ্রমিক নিয়োগ করে শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর গ্রামের টিলাপাড়া এলাকার একটি পাহাড় থেকে মাটি কাটছিলেন। খবর পেয়ে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) আল তাহের ও বন বিভাগের স্থানীয় সদস্যরা ঘটনাস্থলে যান।পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সেখানে গিয়ে তাঁরা দেখতে পান, একটি খননযন্ত্র দিয়ে ৩০ ফুট উঁচু সংরক্ষিত একটি পাহাড় কাটা হচ্ছে এবং ট্রাকে বোঝাই করে মাটি অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। পরে খননযন্ত্রসহ বালুবোঝাই তিনটি ট্রাক জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা করা হবে বলে তিনি জানিয়েছেন।