কক্সবাজারের মহেশখালী উপজেলার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও বজল বাহিনীর প্রধান নুর মোহাম্মদ ওরফে বজল্যা ডাকাত গত বৃহস্পতিবার রাতে নিহত হয়েছেন। এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর ধর্ষণের চেষ্টাকালে গণপিটুনিতে নিহত হন তিনি।নিহত বজল্যার (২৮) বাড়ি উপজেলার উত্তর নলবিলা এলাকায়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বজল্যা ডাকাত গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার পূর্ব আকবর হাজিপাড়ার একটি বাড়িতে হানা দিয়ে তৃতীয় শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করেন। পরে ওই গ্রামেই তাঁর নিজের খামারবাড়িতে নিয়ে যান। সেখানে বজল্যা মাতাল অবস্থায় ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটিকে উদ্ধারে রাত দেড়টার দিকে আত্মীয়স্বজন ও এলাকাবাসী ওই খামারবাড়ি ঘেরাও করে। একপর্যায়ে বজল্যাকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। রাত তিনটার দিকে তিনি মারা যান।পরে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলার উত্তর নলবিলা পাহাড়ি এলাকায় গহিন অরণ্যে আস্তানা গেড়ে বজল্যা তাঁর বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন। তাঁর বাহিনী হত্যা, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে বজল বাহিনীর হাতে মাতারবাড়ি, ধলঘাট ও কালারমারছড়া ইউনিয়নের মানুষ জিম্মি। এই বাহিনীর প্রধান নিহত হওয়ায় এলাকায় কিছুটা স্বস্তি নেমে এসেছে।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, বজল্যা ডাকাতের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, ধর্ষণসহ ১২টি মামলা রয়েছে। তাঁকে পিটিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা প্রায় ৩০০ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ছাড়া অপহরণ ও ধর্ষণচেষ্টার ঘটনায়ও পৃথক মামলা হয়েছে।