মহেশখালীতে গাড়ি উল্টে পুলিশের আট সদস্যসহ আহত ১২
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল সোমবার ভোররাতে শাপলাপুর এলাকা থেকে আসামি ধরে থানায় ফেরার পথে পুলিশের একটি চাঁদের গাড়ি উল্টে গিয়ে পুলিশের আট সদস্যসহ ১২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে নয়জনকে আশঙ্কাজনক অবস্থায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহেশখালী থানার পুলিশ সূত্রে জানা গেছে, আসামি ধরার জন্য গত রোববার রাতে মহেশখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলামের নেতৃত্বে আট সদস্যের পুলিশের একটি দল উপজেলার শাপলাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেপ্তার করে। পরে গতকাল ভোররাতে ওই তিন আসামিকে নিয়ে শাপলাপুর থেকে থানায় ফেরার পথে ছোট মহেশখালী ইউনিয়নের তেলিপাড়াসংলগ্ন একটি কালভার্টের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে এএসআই নজরুল ইসলাম (৩৫), পুলিশ সদস্য (কনস্টেবল) আরিফুল মাওলা, লাংরা মোরং, অশোক ধর, সিন্দুরাজ চাকমা, রতন দাশ, বিশেষ আনসার সদস্য মালু মিয়া ও মোহামঞ্চদ আলমগীর এবং ওই গাড়ির হেলপার সরওয়ার কামাল ও গ্রেপ্তার হওয়া তিন আসামি আহত হন। এ সময় তিন আসামির মধ্যে একজন পালিয়ে যান। পরে খবর পেয়ে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। তবে ওই ঘটনার পর থেকে ওই চাঁদের গাড়ির চালক পলাতক রয়েছেন। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ হাবিবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত আট পুলিশ সদস্যের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।