মহেশখালীতে গাড়িতে ডাকাতি
কক্সবাজারের মহেশখালীতে গত মঙ্গলবার রাতে একটি যাত্রীবাহী গাড়িতে ডাকাতি হয়েছে। পরে ওই গাড়ির যাত্রীরা ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাড়িসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্যমতে, গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের জনতাবাজার স্টেশন থেকে ১২ যাত্রী মাহিন্দ্রযোগে মাতারবাড়ি যাচ্ছিলেন। গাড়িটি ধারাখালের পশ্চিম পাশে পৌঁছালে একদল ডাকাত সড়কে প্রতিবন্ধকতা স্থাপন করে গাড়িটি আটক করে। পরে ডাকাতেরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোনসহ প্রায় এক লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও মাতারবাড়ি মজিদিয়া মাদ্রাসার শিক্ষক আকতার কামালের অভিযোগ, ওই ডাকাতির সঙ্গে চালক ও চালকের সহকারী জড়িত। এ কারণে ওই দুজনসহ মাহিন্দ্র গাড়িটি আটক করে স্থানীয় মাতারবাড়ি পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ডাকাতদের হামলায় একজন গুরুতর আহত হয়েছেন।মাতারবাড়ি ইউনিয়নের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।