মহেশখালীতে গুদামে পড়ে আছে ভিজিডির গম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকা তৈরিতে অনিয়ম ও দুর্নীতির কারণে কক্সবাজারের মহেশখালীতে ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কর্মসূচির উপকারভোগী দুস্থ মহিলাদের মধ্যে গত দুই মাস ধরে গম বিতরণ করা হয়নি। ওই গম এখন খাদ্যগুদামে পড়ে আছে।উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভিজিডি কর্মসূচির আওতায় উপজেলার আটটি ইউনিয়নে এক হাজার ৯৪৮টি কার্ড বরাদ্দ আসে। গত ১৫ ডিসেম্বরের মধ্যে দুস্থ মহিলাদের তালিকা চূড়ান্ত করে কার্ড বিতরণ করার কথা। কিন্তু ইউনিয়ন ভিজিডি কমিটির অবহেলার কারণে উপজেলা প্রশাসন এখন পর্যন্ত চূড়ান্ত তালিকা তৈরি করতে পারেনি। তবে বিত্তবান অনেকের কাছ থেকে টাকা নিয়ে তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে দুই মাস ধরে দুস্থ মহিলাদের মধ্যে ভিজিডির গম বিতরণ করা সম্ভব হয়নি।উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী আবদুল মালেক জানান, ভিজিডি তালিকা তৈরি করতে মাতারবাড়ী, ধলঘাটা, কালারমার ছড়া, হোয়ানক, বড় মহেশখালী, কুতুবজুম, ছোট মহেশখালী ও শাপলাপুর ইউনিয়নে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। ইউনিয়ন ভিজিডি কমিটির দাখিল করা তালিকা মাঠপর্যায়ে যাচাইয়ের সময় এসব অনিয়ম ও দুর্নীতি ধরা পড়ে।মাতারবাড়ী ইউনিয়ন ভিজিডি কমিটির সদস্য মোহাম্মদ উল্লাহ জানান, মাঠপর্যায়ে যাচাই-বাছাই করেই ভিজিডি কার্ডের তালিকা তৈরি করা হয়েছে। কিন্তু টাকার বিনিময়ে ওই তালিকা থেকে অনেকের নাম কেটে নতুন নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউনিয়ন ভিজিডি কমিটির সভাপতি নিজেই এ কাজ করেছেন। আর এ তালিকায় বিত্তবান মহিলাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।তবে মাতারবাড়ী ইউনিয়ন ভিজিডি কমিটির সভাপতি ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার চৌধুরী বলেন, ‘নিয়মবহির্ভূতভাবে তালিকায় যাদের নাম উঠেছে, তাদের বাদ দেওয়া হয়েছে। আমার জানা মতে, টাকা দিয়ে কারও নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এ নিয়ে কেউ অভিযোগ করলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’কুতুবজুম ইউনিয়ন ভিজিডি কমিটির সভাপতি ও উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী জহিরুল আলম বলেন, ‘স্থানীয় মেম্বারেরা মহিলাদের কাছ থেকে টাকা নিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন বলে শুনেছি। তদন্ত করে তালিকা থেকে এসব মহিলার নাম বাদ দেওয়া হচ্ছে।’এ প্রসঙ্গে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন জানান, ২৩ ফেব্রুয়ারি উপজেলা ভিজিডি কমিটির সভায় প্রাথমিকভাবে ভিজিডির তালিকা অনুমোদন করা হয়েছে। তবে ওই তালিকায় নিয়মবহির্ভূতভাবে অনেকের নাম ওঠায় চূড়ান্ত তালিকা তৈরি করতে বিলম্ব হচ্ছে। চূড়ান্ত তালিকা তৈরি করার জন্য ইউনিয়ন ভিজিডি কমিটির সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে গত দুই মাসের ভিজিডির গম খাদ্যগুদামে পড়ে আছে।