মহেশখালীতে গুলিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে গত শনিবার দিবাগত রাতে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম গিয়াস উদ্দিন ওরফে সোনাইয়া (৩০)।পুলিশ বলছে, নিহত গিয়াস উদ্দিন এলাকার চিহ্নিত ডাকাত। তাঁর বিরুদ্ধে ডাকাতির তিনটি মামলা রয়েছে। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন।তবে গিয়াস উদ্দিনের পরিবারের দাবি, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের পক্ষের লোকজনের গুলিতে গিয়াস প্রাণ হারিয়েছেন।মহেশখালী থানার পুলিশের ভাষ্যমতে, উপজেলার ধলঘাটা ইউনিয়নের উত্তর মুহুরীঘোনা এলাকায় গিয়াস উদ্দিনের নেতৃত্বে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্য পেয়ে রাত দুইটার দিকে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহমানের নেতৃত্ব একদল পুলিশ সেখানে অভিযান চালাতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় ডাকাতদলের অন্যতম সদস্য গিয়াস উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে গিয়াস উদ্দিনের কাছ থেকে পুলিশ একটি দেশি এলজি ও দুটি কার্তুজ উদ্ধার করে।পুলিশ জানায়, এ ঘটনায় পুলিশের এএসআই আবদুর রহমান, কনস্টেবল মোহাম্মদ কামরুজ্জামান, তুষার চৌধুরী ও মোহাম্মদ রাসেল সামান্য আহত হন। তাঁরা মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।পুলিশ আরও জানায়, ‘বন্দুকযুদ্ধে’ আহত গিয়াস উদ্দিনকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে মারা যান।মহেশখালী থানার ওসি রণজিত কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, আত্মরক্ষার্থে পুলিশের পক্ষ থেকে সাতটি গুলি ছোড়া হয়েছে।এদিকে নিহত গিয়াস উদ্দিনের বড় ভাই ফজল কাদের বলেন, একটি স্লুইসগেটের দখল নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহর পক্ষের সঙ্গে তাঁদের পরিবারের বিরোধ চলে আসছে।