মহেশখালীতে গুলিতে বালু ব্যবসায়ী নিহত, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে দুর্বৃত্তদের গুলিতে এক বালু ব্যবসায়ী নিহত হয়েছেন। গত রোববার রাতে উপজেলার শাপলাপুর ইউনিয়নের দক্ষিণ ষাইটমারা গলাচিরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেনের (৩৪) বাড়ি শাপলাপুর ইউনিয়নের জেমঘাট নয়াপাড়া এলাকায়। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহত লোকমানের পরিবার ও মহেশখালী থানা-পুলিশের ভাষ্যমতে, রোববার রাত ১১টায় চকরিয়া উপজেলার বদরখালী এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে লোকমান মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেলে তাঁর এক বন্ধুও ছিলেন। গোরকঘাটা-জনতাবাজার সড়কের ষাইটমারা গলাচিরা এলাকায় পৌঁছানোর পর দুর্বৃত্তরা মোটরসাইকেলটি থামিয়ে লোকমানকে গুলি করে। খবর পেয়ে পুলিশ লোকমানকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে মোটরসাইকেলে থাকা তাঁর বন্ধু মোহাম্মদ সেলিমকে আটক করেছে পুলিশ। লোকমানের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক বলেন, নিহত লোকমান চট্টগ্রামের বাকলিয়া এলাকায় বালু ব্যবসা করতেন। সম্প্রতি চকরিয়া উপজেলার বদরখালী বাজারেও বালু ব্যবসা শুরু করেন। ধারণা করা হচ্ছে, বালু ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে তাঁকে খুন করা হয়েছে। সেলিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।