মহেশখালীতে গুলিতে যুবক নিহত, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে মানব পাচারকারীদের গুলিতে লুতু মিয়া (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। গত বুধবার দিবাগত রাতে উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া চ্যানেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়ার দক্ষিণে হামিদারদিয়া চর থেকে বুধবার রাত তিনটার দিকে ২১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সোনাদিয়া চ্যানেল হয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাচ্ছিল। এ সময় মানব পাচারকারীদের দুটি ট্রলার মালয়েশিয়াগামী ট্রলারকে সহায়তা করছিল। খবর পেয়ে সোনাদিয়ার পূর্বপাড়ার লোকজন মালয়েশিয়াগামী যাত্রীদের কেড়ে নেওয়ার জন্য ওই ট্রলারে হামলা চালান। এ সময় মানব পাচারকারীরা গুলি চালায়। এতে লুতু মিয়া গুলিবিদ্ধ হন। গুলিতে আহত হন আরও ছয়জন। পরে হামিদারদিয়া চর এলাকায় তিনটি ট্রলার রেখে মানব পাচারকারী ও মালয়েশিয়াগামী যাত্রীরা পালিয়ে যায়।
সূত্র জানায়, এলাকাবাসী গুলিবিদ্ধ লুতু মিয়াকে গতকাল বৃহস্পতিবার ভোরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল সকালে পুলিশ হামিদারদিয়া চর এলাকা থেকে তিনটি ট্রলার জব্দ করে। এ ঘটনায় মো. রাশেদ (২৫), নুরুল ইসলাম (১৫), মো. ইউসুফ (৫৫), মো. সোনামিয়া (৪৮) ও দেলোয়ার হোসেনকে (১৫) আটক করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওই পাঁচজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত থানায় মামলা হয়নি।