মহেশখালীতে গুলিতে যুবক নিহত, আহত ২
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত বুধবার রাতে প্রতিপক্ষের গুলিতে নাসির উদ্দিন ওরফে বুজাইয়্যা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন নিহত নাসিরের ছোট ভাই জসিম উদ্দিনসহ আরও দুজন।
স্থানীয় ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলি গোদারপাড়া এলাকায় নাসির উদ্দিনের সঙ্গে বসতভিটার সীমানা নিয়ে তাঁর চাচাতো ভাই জয়নাল আবেদীন ওরফে জনুর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে বুধবার রাত নয়টার দিকে প্রতিপক্ষের লোকজন নাসিরের বাড়িতে হামলা চালায়। প্রতিপক্ষের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই নাসির নিহত হন এবং আহত হন নাসিরের ছোট ভাই জসিমসহ আরও দুজন। পরে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। জসিমকে চকরিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নাসিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, প্রতিপক্ষের গুলিতে নাসির নিহত হয়েছে।