মহেশখালীতে গৃহকর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল শনিবার সকালে শান্তি বালা দে (৩২) নামের গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, বেধড়ক মারধর ও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে দুর্বৃত্তরা ওই গৃহকর্মীকে হত্যা করেছে। তবে ওই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ঘটনাস্থলের পার্শ্ববর্তী ভাড়া বাসার এক গৃহিণীসহ দুজনকে আটক করেছে। মহেশখালী থানা-পুলিশের ভাষ্যমতে, গতকাল সকাল ছয়টার দিকে উপজেলা সদরের পৌর এলাকার দিঘির পূর্বপাশে পল্লী জীবিকায়ন প্রকল্প (পজিপ) অফিস ভবনের নিচে স্থানীয় লোকজন শান্তি বালা দে নামের গৃহকর্মীর লাশ দেখতে পান। পরে স্থানীয় লোকজন পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তারা ওই লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। এ নিয়ে গতকাল সকালে নিহতের ছেলে মানিক দে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মহেশখালী থানায় একটি হত্যা মামলা করেন। নিহত গৃহকর্মীর ছেলে মানিক দে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার মা বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। প্রতিদিনের মতো গত শুক্রবার সকালে গৃহকর্মীর কাজে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।’ এদিকে সকালে পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য ঘটনাস্থলের পার্শ্ববর্তী ভাড়া বাসা থেকে গৃহিণী সালমা বেগম (২৫) ও মোহামঞ্চদ মিজান নামের এক যুবককে আটক করে।