কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত রোববার দিবাগত রাতে সোনা আক্তার (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী এবং ওই গৃহবধূর স্বজনেরা তাঁর স্বামী ছব্বির আহমদকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
গতকাল সোমবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷
উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা এলাকার ছেলে ছব্বির আহমদের সঙ্গে একই এলাকার মোহাম্মদ রফিকের মেয়ে সোনা আক্তারের প্রায় ১০ মাস আগে বিয়ে হয়। ওই গৃহবধূর পারিবারিক সূত্রের ভাষ্য মতে, বিয়ের পর বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেওয়ার জন্য ছব্বির তাঁর স্ত্রীর ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন৷ পারিবারিক কলহের জের ধরে রোববার দিবাগত রাত ১২টার দিকে ছব্বির তাঁর স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন। গতকাল ভোরে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী এবং গৃহবধূর স্বজনেরা ছব্বিরকে ধরে ফেলেন৷
গতকাল বিকেল চারটা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি৷
নিহত গৃহবধূর বাবা মোহাম্মদ রফিক বলেন, ‘যৌতুক না পেয়ে ছব্বির পিটিয়ে আমার মেয়েকে হত্যা করেছে।’
তবে অভিযোগ অস্বীকার করে ছব্বির আহমদ বলেন, তাঁর স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু জাফর বলেন, ওই গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে৷ তিনি বলেন, আত্মহত্যার কোনো আলামত পাওয়া যায়নি৷ মারধরের কারণে ওই গৃহবধূ মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, স্ত্রী হত্যার অভিযোগে ছব্বিরকে আটক করা হয়েছে।