মহেশখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত মঙ্গলবার সাদেকা বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাদেকার পরিবারের অভিযোগ, যৌতুক না পেয়ে স্বামী মিজানুর রহমান সাদেকাকে পিটিয়ে হত্যা করেছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ছয় বছর আগে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সাদেকার সঙ্গে একই ইউনিয়নের আঁধারঘোনা এলাকার মিজানুরের বিয়ে হয়। পরে যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা এনে দিতে মিজানুর তাঁর স্ত্রীর ওপর নির্যাতন চালানো শুরু করেন। গত মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে সাদেকাকে বেধড়ক পেটান মিজানুর। খবর পেয়ে সাদেকার ছোট ভাই বদিউল আলম সকাল ১০টার দিকে আঁধারঘোনা গ্রামে গিয়ে গুরুতর আহত অবস্থায় বোনকে স্থানীয় কালারমারছড়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন। হাসপাতালে নেওয়ার পথে সাদেকার মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ বিকেলে আঁধারঘোনা গ্রাম থেকে সাদেকার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ওই দিন রাতে মিজানুরের বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা মামলা করেন বদিউল। বদিউল অভিযোগ করেন, যৌতুকের জন্য এর আগেও মিজানুর বেশ কয়েকবার তাঁর বোনকে মারধর করে ঘর থেকে বের করে দেন। শেষ পর্যন্ত সাদেকাকে পিটিয়ে হত্যা করলেন মিজানুর। তাঁরা এ ঘটনার সুষ্ঠু বিচার চান।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, সাদেকার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।