মহেশখালীতে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
কক্সবাজারের মহেশখালীতে গতকাল বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। অবৈধ একটি জিপ মালিক সমিতি বাতিলের রায় কার্যকর করার দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় জিপ মালিক সমিতি ও শ্রমিকেরা। গতকাল বুধবার জিপ মালিক সমিতি ও শ্রমিকদের নিয়ে দফায় দফায় বৈঠক করেও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি স্থানীয় প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার দুই জিপ মালিক সমিতির মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর মধ্যে গত মার্চে প্রশাসন একটি সমিতির নিবন্ধন বাতিল করে। কিন্তু ওই সমিতির তত্ত্বাবধানে গাড়ি বন্ধ না হওয়ায় গতকাল সকাল থেকে মহেশখালী জিপ মালিক সমিতি ও শ্রমিকেরা আন্দোলনের ডাক দেয়। জিপ মালিক সমিতির সভাপতি ও পৌর মেয়র সরওয়ার আলম জানান, অবৈধ জিপ মালিক সমিতি বাতিলসহ তাদের তত্ত্বাবধানে থাকা জিপ গাড়িগুলো সড়ক পথ থেকে প্রত্যাহার না করা পর্যন্ত ধর্মঘট চলবে। তবে আরেক সমিতির সভাপতি আতা উল্লাহ জানান, কাউকে না জানিয়ে গোপনে মালিক সমিতির নিবন্ধন বাতিল করায় তা আপিল করা হয়েছে।