মহেশখালীতে চিকিৎসক অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীকে যৌন হয়রানির অভিযোগে কক্সবাজারের মহেশখালীর একটি স্বাস্থ্যকেন্দ্রে এক চিকিৎসককে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার হোয়ানক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব কালাগাজির পাড়ার এক নারী তাঁর শিশুর চিকিৎসার জন্য ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে যান। চিকিৎসা শেষে স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বরত উপসহকারী চিকিৎসা কর্মকর্তা আবদুস সালাম ওই নারীকে সরকারি ওষুধ দিতে পারবেন না বলে জানান। এতে ওই নারী ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁকে স্বাস্থ্যকেন্দ্র থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এ সময় ওই নারী যৌন হয়রানির অভিযোগ এনে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাঁরা স্বাস্থ্যকেন্দ্রের দরজায় তালা লাগিয়ে দিয়ে সালামকে অবরুদ্ধ করে রাখেন।
স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসককে আটকে রাখার খবর পেয়ে পাশের কালারমারছড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধারের চেষ্টা চালান। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও তিনটি ফাঁকা গুলি ছোড়ে। পরে প্রায় তিন ঘণ্টা পর বেলা দেড়টার দিকে থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে চিকিৎসক আবদুস সালামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উপসহকারী চিকিৎসা কর্মকর্তা আবদুস সালাম দাবি করেন, ওষুধ না পেয়ে ওই নারী ক্ষিপ্ত হয়ে তাঁকে গালমন্দ করে। পরে তাকে স্বাস্থ্যকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এ কারণে যৌন হয়রানির মিথ্যা অভিযোগ করেন।
তবে এ বিষয়ে ওই নারী বা তাঁর পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, সালামের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ তদন্ত করা হচ্ছে। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত থানায় এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।