মহেশখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
কক্সবাজারের মহেশখালী উপজেলায় চুরির অভিযোগে মহিম উদ্দিন মাইক্যা (২২) নামের এক যুবককে গাছের সঙ্গে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গোরকঘাটার জলদাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময় মহিম চুরির উদ্দেশ্যে ওই গ্রামের মদন দাসের বাড়িতে প্রবেশ করেন। ভোরের দিকে শব্দ শুনে মদন দাস এগিয়ে গিয়ে তাঁকে আটক করার চেষ্টা করেন। এ সময় মদন দাসকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মহিম। মদন দাসের চিৎকার শুনে তাঁর পরিবারে লোকজন এসে মহিমকে আটক করে। সকাল ছয়টায় মদন দাস ও তাঁর পরিবারের সদস্যরা মহিমের হাত-পা বেঁধে তাদের বাড়ির সামনের একটি সুপারিগাছে ঝুলিয়ে পেটাতে থাকে। এক ঘণ্টা ধরে নির্যাতন চালানোর পর তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মহিমের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। মহিম উপজেলার গোরকঘাটা বাজার এলাকার বাদশা মিয়ার ছেলে।ঘটনার সত্যতা স্বীকার করে মদন দাসের স্ত্রী জানান, দীর্ঘদিন ধরে মহিমের নেতৃত্বে এলাকায় চুরির ঘটনা ঘটছে।মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) বসু মিত্র জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনার পর থেকে মদন দাস ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছে।ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বলেন, মহিম একজন পেশাদার চোর বলে অভিযোগ রয়েছে। কিন্তু এভাবে নির্যাতন করে তাঁকে হত্যা করা ঠিক হয়নি। ঘটনার তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।