মহেশখালীতে চেয়ারম্যানসহ ৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা
কক্সবাজারের মহেশখালী উপজেলায় এক যুবককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ ও তাঁর পাঁচ ভাইসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে নিহত আবুল কাসেমের (৩৫) ভাই আবুল শামা বাদী হয়ে মহেশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলা থেকে জানা গেছে, ওই ইউনিয়নের মুহুরিঘোনা এলাকার ‘ফাঁড়াঘোনা’ নামের একটি চিংড়িঘের নিয়ে আবুল কাসেমের পরিবারের সঙ্গে ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহর বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে এরই মধ্যে চেয়ারম্যানের পক্ষের লোকজন সম্প্রতি কাসেমের পক্ষের রাহমত উল্লাহ ও গিয়াস উদ্দিন নামের দুই ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যা করে। এরপর চেয়ারম্যানের পক্ষের লোকজনের হাত থেকে বাঁচতে এলাকা ছেড়ে আবুল কাসেম পাশের চকরিয়া উপজেলায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন।
বাদী আবুল শামা অভিযোগ করেন, গত রোববার অসুস্থ মাকে দেখার জন্য কাসেম ধলঘাটায় নিজ বাড়িতে আসেন। ওই দিন রাত সাড়ে ১২টার দিকে চেয়ারম্যান আহসান উল্লাহর পরিকল্পনায় তাঁর পক্ষের লোকজন কাসেমের বাড়িতে হামলা চালায়। তারা ধারালো দা দিয়ে কাসেমকে কুপিয়ে হত্যা করে। পরে তারা ফাঁকা গুলি করে কাসেমের লাশটি পাশের প্রবাসী নুরুল ইসলামের বাড়িতে নিয়ে যায়। পরে তারা পরিকল্পিতভাবে একটি ডাকাতির ঘটনা সাজায়। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, প্রবাসীর বাড়ি ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী অস্ত্রসহ কাসেমকে আটক করে গণপিটুনি দেয়। এতে কাসেম নিহত হন।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, ধলঘাটায় প্রবাসীর বাড়ি ডাকাতির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তবে কাসেমকে হত্যার অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এখনো পর্যন্ত এ-সংক্রান্ত কাগজপত্র তিনি হাতে পাননি।