মহেশখালীতে চোলাই মদসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত বৃহস্পতিবার রাতে একটি চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ওই কারখানা থেকে পুলিশ ৩০০ লিটার চোলাই মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।মহেশখালী থানা সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার ঘটিভাঙ্গা এলাকার মধ্যমপাড়ায় পুলিশ অভিযান চালিয়ে একটি চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পায়। পরে পুলিশ সেখান থেকে প্রায় ৩০০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী নুরুল কবির, মোক্তার আহমদ ও জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। ওই কারখানা থেকে মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই ওই তিন ব্যক্তির বিরুদ্ধে মহেশখালী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়।উল্লেখ্য, গত ১২ মার্চ প্রথম আলোয় ‘মহেশখালীতে ৩২ স্থানে তৈরি হচ্ছে মাদক’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর এলাকা মাদকমুক্ত ও মাদক তৈরির কারখানা উচ্ছেদ করতে পুলিশ তৎপর হয়ে উঠেছে।মহেশখালী থানার ওসি রনজিত কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, এলাকাকে মাদকমুক্ত করার জন্য জনগণকে সচেতন করতে বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করা হচ্ছে। তিনি বলেন, মাদকবিরোধী অভিযানের বিষয়টি টের পেয়ে অনেক মাদক ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।