মহেশখালীতে ছাত্রীকে অপহরণের চেষ্টা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে বখাটেরা অপহরণের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বখাটেদের হামলায় ওই ছাত্রীসহ চারজন আহত হয়। ওই ছাত্রীর পরিবার ও প্রত্যক্ষদর্শীরা এ কথা বলেছেন।

স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছে শাহজাহান নামের এক যুবক। এ বিষয়ে ওই ছাত্রীর বাবা শাহজাহানের পরিবারের কাছে কয়েকবার বিচার দিলেও কোনো কাজ হয়নি। শেষে ওই ছাত্রীর বাবা গত বছরের ডিসেম্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে বিচার দেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে সালিস বৈঠক বসে। বৈঠকে ওই ছাত্রীকে আর উত্ত্যক্ত করা হবে না বলে অঙ্গীকার করে শাহজাহান। কিন্তু তার পরও তিনি ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছেন। ওই ছাত্রীর পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে শাহজাহান ওই ছাত্রীকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রীর চিৎকারে তার মা-বাবাসহ আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে শাহজাহানসহ তার সহযোগীরা তাঁদের ওপর হামলা চালায়। এতে ওই ছাত্রী, তার মা-বাবা ও ছোট ভাই আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

মহেশখালী থানার ওসি মোহামঞ্চদ আলমগীর হোসেন বলেন, ওই ছাত্রীর বাবা বিকেলে শাহজাহানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।