মহেশখালীতে ছিনতাইয়ের ঘটনায় ১২ মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় শনিবার ট্যাক্সি থামিয়ে স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার সন্ধ্যায় জাকির হোসেন ওরফে গুরা বাঁশি (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধে ১২টি মামলা রয়েছে। এর আগে ভোররাতে পাহাড়ি এলাকা থেকে লুণ্ঠিত লক্ষাধিক টাকার মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়। থানা পুলিশের ভাষ্যমতে, গত শনিবার বিকেলে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী এলাকায় ছিনতাইয়ের ঘটনার পর পুলিশ দফায় দফায় পাহাড়ি এলাকায় অভিযান চালায়। গতকাল ভোররাতে পুলিশ চালিয়াতলী পাহাড়ে ঢালু থেকে লুণ্ঠিত লক্ষাধিক টাকার মূল্যবান জিনিসপত্র উদ্ধার করে। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকা থেকে ১২ মামলার পলাতক আসামি গুরা বাঁশিকে গ্রেপ্তার করে পুলিশ।শনিবারের ঘটনার সঙ্গে গুরা বাঁশি জড়িত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, ডাকাতির ঘটনার সঙ্গে গুরা বাঁশি জড়িত রয়েছে। তাঁকে আজ সোমবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে তিনি জানান।