মহেশখালীতে জমি দখল নিয়ে উত্তেজনা
কক্সবাজারের মহেশখালী উপজেলার ‘ক্রাইমজোন’ হিসেবে পরিচিত কালারমারছড়ায় প্রায় ৩০ একর জমি দখল করা নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। গত শুক্রবার জমি দখলে বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের হাতে ২০ জন আহত হওয়ার পর সাধারণ বাসিন্দারা শঙ্কিত হয়ে পড়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া এলাকার বাসিন্দা এহেতাশামুল হক ও তাঁর আত্মীয়স্বজনের সঙ্গে মুজিবুল হক ওরফে মইন্যার প্রায় ৩০ একর জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। ওই জমি দীর্ঘদিন ধরে এহতেশামুল হক ও তাঁর আত্মীয়রা ভোগ দখল করলেও বর্তমানে মইন্যা ওই জমির মালিকানা দাবি করেন। গত শুক্রবার সকালে মইন্যার নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই জমির দখল নিতে গেলে জমির মালিকেরা তাতে বাধা দেন। এ সময় সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালায়। এতে ২০ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এহতেশামুল হক বলেছেন, এ ঘটনার পর আবারও সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এতে জমির মালিকসহ সাধারণ লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় এহেতাশামুল হক মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেছেন, অভিযোগ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।