মহেশখালীতে জলদস্যুদের হামলায় পাঁচ জেলে আহত, মাছ লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলদস্যুরা কক্সবাজারের মহেশখালী চ্যানেল এলাকায় মাছ ধরার দুটি ট্রলারে হামলা চালিয়ে ১০ লক্ষাধিক টাকার ইলিশ মাছ লুট করেছে। গত বৃহস্পতি ও শুক্রবার এ ঘটনা ঘটে। এ সময় জলদস্যুদের হামলায় পাঁচ জেলে আহত হন। মুক্তিপণের দাবিতে তারা ট্রলারসহ ১৬ জেলেকে অপহরণ করে। গতকাল শনিবার সকালে ট্রলারসহ জেলেদের উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলেরা কয়েক দিন আগে ‘এফবি আমেনা’ নামের একটি ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যান। বৃহস্পতিবার ভোররাতে সাগর থেকে কক্সবাজার উপকূলে ফেরার সময় মহেশখালী চ্যানেল এলাকায় জলদুস্যরা এফবি আমেনায় হামলা চালায়। জলদস্যুরা ওই ট্রলারের পাঁচ লক্ষাধিক টাকার ইলিশ মাছ নিয়ে যায়। এ সময় পাঁচ জেলে আহত হন।শুক্রবার ভোররাতে ‘এফবি লাকি’ নামের একটি ট্রলার সাগর থেকে মাছ ধরে উপকূলে ফেরার পথে মহেশখালী চ্যানেলে জলদস্যুদের কবলে পড়ে। জলদস্যুরা ওই ট্রলারের পাঁচ লক্ষাধিক টাকার ইলিশ মাছসহ ১৬ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় ওই ট্রলারের চালক মোহাম্মদ কালু (৪৫) সাগরে ঝাঁপ দেন। প্রায় তিন ঘণ্টা সাঁতার কেটে তিনি কক্সবাজার সমুদ্রসৈকতে এসে বিষয়টি মহেশখালী থানার পুলিশকে জানান। গতকাল ভোররাতে মহেশখালী থানার পুলিশ সোনাদিয়া চ্যানেল থেকে লুট করে নেওয়া মাছভর্তি ট্রলারসহ দুটি ট্রলার উদ্ধার করে। সকালে পুলিশ মুক্তিপণের জন্য আটকে রাখা ১৬ জন জেলেকে সোনাদিয়া প্যারাবন থেকে উদ্ধার করে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, জলদস্যুদের কবল থেকে মুক্তিপণের জন্য আটক রাখা ফিশিং বোটসহ মাঝিমাল্লাদের উদ্ধার করা হয়েছে এবং সাগরে অতিরিক্ত বোট নামিয়ে জলদস্যুদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা করছে।