মহেশখালীতে জলদস্যুসহ পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল রোববার ভোররাতে পৃথক অভিযান চালিয়ে তিন জলদস্যু ও পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশ কর্মকর্তা হত্যার সঙ্গে জড়িত মূল হোতাদের গ্রেপ্তারে পাহাড়ি এলাকায় দফায় দফায় পুলিশের অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। মহেশখালী থানার পুলিশের ভাষ্যমতে, গতকাল ভোররাতে উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া চ্যানেলের ঘটিভাঙ্গা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তিন জলদস্যুকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন, দিদারুল আলম ওরফে দিদার (৩৫), শাহাব উদ্দিন (৩৯) ও কামাল হোসেন (২৮)। এ ছাড়া গতকাল ভোররাতে পুলিশ আরেকটি অভিযান চালিয়ে উপজেলার হোয়ানক ইউনিয়নের পুইছড়ি পাহাড়ি এলাকা থেকে পুলিশ কর্মকর্তা পরেশ কারবারীর হত্যা মামলার আসামি ও জোনাব আলী গ্রুপের দুই সদস্য কেরামত আলী (৫৫) ও আশেক উল্লাহকে (২০) গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, তিন জলদস্যুর বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তবে পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় গতকাল রোববার বিকেল পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও ওই ঘটনার মূল হোতাদের গ্রেপ্তারে পাহাড়ি এলাকায় দফায় দফায় পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।