মহেশখালীতে জশনে জুলুশে হামলার ঘটনায় আহত ৪৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত মঙ্গলবার দুপুরে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর জশনে জুলুশে হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ ৪৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় মাতারবাড়ি তৈয়্যবিয়া বালিকা মাদ্রাসার তত্ত্বাবধায়ক (সুপার) মাওলানা আবদুল হাকিম বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তৈয়্যবিয়া বালিকা মাদ্রাসা ও গাউছিয়া কমিটির উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুশ বের করা হয়। পরে পুরান বাজার থেকে ওই জশনে জুলুশ বের হয়ে হংশ মিয়াজিরপাড়া দিয়ে সাইরারডেইল যাওয়ার পথে তজবীদুল কোরআন দারুসুন্নাহ মাদ্রাসা এলাকায় পৌঁছলে ওই মাদ্রাসার কয়েকজন শিক্ষক জশনে জুলুশের ওপর হামলা চালান। একপর্যায়ে গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হন। এ সময় তাঁদের হামলায় আহত হন আরও ২৩ জন। কিন্তু এ ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে দারুসুন্নাহ মাদ্রাসার শিক্ষকেরা তাঁদের রান্নাঘরে আগুন ধরিয়ে দেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে করে তজবীদুল কোরআন দারুসুন্নাহ মাদ্রাসার পরিচালক আহসান উল্লাহ দাবি করে বলেন, ‘জশনে জুলুশে অংশ নেওয়া লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাঁদের মাদ্রাসার নির্মাণাধীন নতুন ভবনের দরজা, জানালা ও রান্নাঘর ভাঙচুর করে। একপর্যায়ে তাঁরা রান্নাঘরে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁদের হামলায় আমি নিজেসহ অন্তত ২০ জন আহত হই।’ এ ছাড়া উত্তেজিত জনতা মাদ্রাসার পাশের তিনটি বসতবাড়ি ভাঙচুর করেছে বলে তিনি দাবি করেন।
মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আবুল কাসেম বলেন, প্রথমে কওমি-সমর্থিত লোকজন জশনে জুলুশে হামলা চালান। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা পাল্টা হামলা চালিয়ে দারুসুন্নাহ মাদ্রাসা ভাঙচুর করে। পরে ওই মাদ্রাসাকে রক্ষা করতে শিক্ষকেরা মাইকিং করলে সাইরারডেইল এলাকার লোকজন এগিয়ে আসেন। একপর্যায়ে উত্তেজিত জনতা ও সাইরারডেইলের লোকজনের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ঘণ্টাব্যাপী দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন লোক আহত হন।
এদিকে এ ঘটনা জানার পর ওই দিন বিকেলে কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খালেদ-উজ-জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ আনোয়ারুল নাসের ও মহেশখালী থানার ওসি মোহামঞ্চদ আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।