মহেশখালীতে জামায়াত দলীয় প্রার্থী দিয়েছে!
নির্বাচন কমিশনের নির্দেশনা উপেক্ষা করে কক্সবাজারের মহেশখালীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সাতটির জন্য দলটি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ইউপি নির্বাচনে কেউ দলের ব্যানারে নির্বাচন বা প্রচারণা চালালে তাঁর মনোনয়ন বাতিল করা হবে। মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক বলেন, গত ২৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রথম ধাপে উপকূলীয় এলাকার ১২ জেলার ৭২টি উপজেলার ৫৯৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তার মধ্যে মহেশখালী উপজেলার সাতটি ইউপির নির্বাচন প্রথম ধাপে হওয়ার কথা। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৫ মার্চ। এতে সাতটি ইউপিতে চেয়ারম্যান পদে ৫৫ জন, ২১টি সংরক্ষিত মহিলা সদস্যপদে ১২৫ জন এবং ৬৩টি সাধারণ সদস্য পদে ৪২৫ জন মনোনয়নপত্র জমা দেন। কিন্তু গত রবি ও সোমবার মনোনয়নপত্র বাছাই করা হয়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ ১৫ মার্চ। ভোট গ্রহণ হবে ৩১ মার্চ। তবে হাইকোর্টের আদেশের কারণে ছোট মহেশখালী ইউপির নির্বাচন ১৩ দিনের জন্য স্থগিত করা হয়েছে। ফলে ছয়টিতে নির্বাচন কার্যক্রম চলছে। উপজেলা জামায়াতে ইসলামীর একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সাতটি ইউপির চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী দেওয়া হয়েছে এবং তাঁরা ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন কুতুবজোম ইউনিয়নে জাহাঙ্গীর আলম, বড় মহেশখালীতে এম এ মাজেদ, হোয়ানকে মোহাম্মদ আবদুর রহমান, কালারমারছড়ায় জাবের আহমদ চৌধুরী, শাপলাপুরে মোহাম্মদ জাকের হোসেন, ধলঘাটায় মাওলানা আবদুল মান্নান ও ছোট মহেশখালী ইউনিয়নে কবির হোসেন। উপজেলা জামায়াতের (দক্ষিণ) আমির মোহাম্মদ জাকের হোসেন বলেন, দলীয় নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে দলীয় প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তাঁরা ইতিমধ্যে এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, ইউপি নির্বাচন সম্পূর্ণ নির্দলীয়। তবে কেউ দলীয় প্রার্থী ঘোষণা করছে কি না, তা তাঁর জানা নেই।