মহেশখালীতে জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
কক্সবাজারের মহেশ-খালী উপজেলায় জামায়াতে ইসলামীর নেতা আবুল কাসেমকে হত্যার ঘটনায় গত রোববার রাতে মহেশখালী থানায় মামলা হয়েছে। নিহতের ছোট ভাই আব্দুস ছোবাহান বাদী হয়ে আবুল হাসেম নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি করেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মোহাম্মদ ছাব্বির (৪২) ও আবুল কাসেম (৩৪) নামের দুজনকে আটক করেছে পুলিশ।পুলিশ আটক দুই ব্যক্তিকে গতকাল সকালে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।গত শনিবার গভীর রাতে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখা জামায়াতের সভাপতি আবুল কাসেমকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পুলিশ জানায়, বন বিভাগের জমি দখল-বেদখলকে কেন্দ্র করে প্রতিপক্ষ আবুল হাসেমের লোকজনের গুলিতে তিনি নিহত হন। গ্রেপ্তার এড়াতে ঘটনার মূল হোতারা এলাকা ছেড়ে অন্যত্র গা-ঢাকা দিয়েছে।