মহেশখালীতে টিলা কাটায় দুজনের বিরুদ্ধে মামলা
কক্সবাজারের মহেশখালী উপজেলায় পাহাড়ের টিলা কেটে বসতি স্থাপন করায় দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। মোহাম্মদ পেঠান আলী ও আমান উল্লাহ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে গতকাল বুধবার মহেশখালী থানায় এই মামলা হয়।স্থানীয় ইউনিয়ন সহকারী ভূমি সহকারী কর্মকর্তা আবুল কাসেম জানান, উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকায় সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত পাহাড়ের টিলা কেটে বসতি স্থাপন করছেন স্থানীয় পেঠান আলী ও আমান উল্লাহ। অনেক দিন ধরেই তাঁরা এ তৎপরতা চালিয়ে আসছেন। তাঁদেরকে বহুবার বাধা দিয়েও লাভ হয়নি। বাধ্য হয়েই তাঁদের বিরুদ্ধে মামলা করতে হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, উপজেলার বিভিন্ন স্থানেই পাহাড় কেটে স্থানীয়রা অবৈধভাবে বসতি স্থাপন করছে। এসব পাহাড় কাটা রোধ করতে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এ প্রক্রিয়া চলবে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির জানান, তদন্ত সাপেক্ষে পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।