মহেশখালীতে ডাকাতের গুলিতে চারজন আহত, এক ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত মঙ্গলবার রাতে মাছ ধরার নৌকায় ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ডাকাত ও এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। জলদস্যুদের ছোড়া গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়েছে। এলাকাবাসী সোনা মিয়া (২৪) নামের এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাছ ধরার তিনটি নৌকায় ডাকাতি করে একদল ডাকাত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে হোয়ানক ইউনিয়নের জামিরা খালের স্লুইসগেটসংলগ্ন এলাকায় আসছিল। এ সময় স্থানীয় কালা গাজীপাড়ার লোকজন জড়ো হয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় এবং ডাকাতেরা গুলি ছুড়তে থাকে। এ সময় ডাকাতের গুলিতে মোহাম্মদ বেলাল হোসেন (২০), মোহাম্মদ মিজান (২২), আবদুল মন্নান (২৩) ও মীর কাসেম (২০) নামের চারজন গুলিবিদ্ধ হন।পরে এলাকাবাসী ধাওয়া করে সোনা মিয়া নামের এক ডাকাতকে আটক করে। পরে তাঁকে পিটুনি দিয়ে মহেশখালী থানায় সোপর্দ করা হয়। আহত ব্যক্তিরা সবাই উপজেলার হোয়ানক ইউনিয়নের কালা গাজীপাড়ার বাসিন্দা।