মহেশখালীতে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল রোববার ভোররাতে পুলিশ ও ডাকাতদের মধ্যে দফায় দফায় গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলিবিদ্ধ তিন পুলিশ সদস্যের মধ্যে কনস্টেবল সেলিম মিয়ার (২১) অবস্থা গুরুতর বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালারমারছড়া ইউনিয়নের পুলিশ ফাঁড়ির ছয় সদস্যের একটি দল মাতারবাড়ি, ছালিয়াতলি ও জনতাবাজার সড়কে দায়িত্ব পালন শেষে পুলিশ ফাঁড়ির দিকে রওনা দেয়। বড়ুয়া বাজারে পৌঁছালে ডাকাতেরা পুলিশের গাড়িকে লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করে। পরে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ডাকাতের গুলিতে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। তাঁরা হলেন, নায়েক মহিউদ্দিন, কনেস্টেবল সেলিম মিয়া ও মিজানুর রহমান। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।