মহেশখালীতে তৈরি হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
কক্সবাজারের মহেশখালী পৌরসভার গোরকঘাটা-আদিনাথ মন্দির সড়কে ১৪ শতক জমির ওপর তৈরি হচ্ছে তিনতলাবিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। সরকারি প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কমপ্লেক্সের বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
গত রোববার সকালে কমপ্লেক্সের নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ডেল্টা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড হাসান এন্টারপ্রাইজ।
ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক মোহামঞ্চদ আয়ুব বলেন, ২০১৫ সালের ৮ এপ্রিলের মধ্যে কমপ্লেক্সের নির্মাণকাজ শেষ করা হবে।
এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলমগীর বলেন, জেলার প্রথম মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি মহেশখালীতে স্থাপনের অন্যতম কারণ হলো, ’৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এখানকার অনেকে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত হয়েছে। এখানে রয়েছে ১০টি বধ্যভূমি। মুক্তিযোদ্ধাদের পুর্নবাসন ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতেই এই কমপ্লেক্স তৈরি করছে সরকার। দোকান বরাদ্দে মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হবে।
এলজিইডি সূত্র জানায়, তিনতলাবিশিষ্ট এই কমপ্লেক্সের নিচতলায় ছয়টি দোকান ও নারী-পুরুষের দুটি পৃথক টয়লেট, দ্বিতীয় তলায় আটটি দোকান ও তৃতীয় তলায় মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় স্থাপিত হবে।