মহেশখালীতে ত্রাণসামগ্রী পৌঁছেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে গতকাল শনিবার সরকারি ত্রাণ পৌঁছেছে। পাহাড়ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে এক লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। কিন্তু ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ৫২ টন চাল বরাদ্দ এলেও গতকাল পর্যন্ত তা বিতরণ করা হয়নি।উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত সোম ও মঙ্গলবারের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার আটটি ইউনিয়নের ৫০০ বসতবাড়ি ভেঙে যায়। আর পাহাড়ধস ও বজ্রপাতের ঘটনায় এক শিশুসহ পাঁচজন নিহত হন। আহত হন ২০ জন। গতকাল বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশাসনের পক্ষে পাহাড়ধসে নিহত পাঁচ ব্যক্তির পরিবারকে (প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে) এক লাখ টাকা এবং আহত ছয় ব্যক্তির পরিবারকে (প্রত্যেকের পরিবারকে পাঁচ হাজার টাকা করে) ৩০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতা ও পরিবেশ বিজ্ঞানী ড. আনচারুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিশ্বনাথ মজুমদার, রেড ক্রিসেন্টের কর্মকর্তা মামুনুর রশিদ প্রমুখ।