মহেশখালীতে থেমে নেই পাহাড় কাটা
কক্সবাজারের মহেশখালীতে পাহাড় কাটা থেমে নেই। স্থানীয় লোকজন অবৈধ বসতবাড়ি ও পানের বরজ তৈরির জন্য পাহাড় কাটলেও তা রোধে প্রশাসন কোনো ভূমিকা রাখছে না বলে অভিযোগ উঠেছে।খোঁজ নিয়ে জানা গেছে, বসতি স্থাপন ও পানের বরজ তৈরি করতে দিনদুপুরে উপজেলার হোয়ানক, শাপলাপুর, ছোট মহেশখালী ও কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার সরকারি ১ নম্বর খাস খতিয়ানে এবং ছালিয়াতলী এলাকায় পাহাড় কাটা চলছে। সম্প্রতি টানা বৃষ্টিতে পাহাড় কাটা বেড়ে গেছে।সরেজমিনে দেখা গেছে, হোয়ানক ইউনিয়নের পানিরছড়া ও কালালিয়াকাটা, ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা এলাকা এবং কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা ও ছালিয়াতলী এলাকায় স্থানীয় লোকজন বসতি স্থাপনের জন্য পাহাড় কাটছে। হোয়ানক ইউনিয়নের পানিরছড়ার বাসিন্দা মনির হোসেন, আনোয়ার হোসেন ও আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, প্রকাশ্যে অবৈধভাবে পাহাড় কাটা হচ্ছে। এলাকাবাসী বাধা দিলেও কোনো কাজ হচ্ছে না। কালারমারছড়া ইউনিয়নের ছালিয়াতলীর বাসিন্দা লোকমান হোসেন বলেন, অনেক সময় দিনে না পারলেও রাতে পাহাড় কেটে স্থানীয় লোকজন বসতি স্থাপন করছে। বন বিভাগ কোনো ব্যবস্থা না নেওয়ায় চরম ক্ষোভ দেখা দিয়েছে। কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাসেম চৌধুরী জানান, বসতি ও পানের বরজের জন্য পাহাড় কাটা হচ্ছে। স্থানীয় লোকজনকে পাহাড় কাটতে নিষেধ করা হলেও তারা মানছে না। পাহাড় কাটার কথা সত্যতা নিশ্চিত করে বন বিভাগের হোয়ানক ইউনিয়নের কেরুনতলী বিট কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, স্থানীয় লোকজন অবৈধভাবে বসতি স্থাপন এবং পানের বরজ করার জন্য প্রায়ই পাহাড় কাটছে। মানা করা হলেও তারা তা মানছে না। পাহাড় ধ্বংসকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী বলেন, অবাধে পাহাড় কাটার কারণে পরিবেশ হুমকির মুখে পড়েছে। পাহাড় কাটা বন্ধে জনসচেতনতা সৃষ্টি করলেও কোনো কাজ হচ্ছে না। উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা বজলুর রহমান বলেন, স্থানীয় লোকজন ইতিমধ্যে বন বিভাগের প্রায় সাত হাজার একর পাহাড় কেটে অবৈধ বসতি ও পানের বরজ তৈরি করেছে। এর পরও বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবারও বিচ্ছিন্নভাবে পাহাড় কাটা শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, নির্বিচারে পাহাড় কাটায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।