কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ও কুতুবজোম ইউনিয়নে গত বুধবার গভীর রাতে এবং গতকাল বৃহস্পতিবার চেয়ারম্যান পদপ্রার্থী, সমর্থক ও গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়েছে।উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন স্থগিত করার জের ধরে এ ঘটনা ঘটে। অনতিবিলম্বে নির্বাচন দেওয়ার দাবিতে গতকালও ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী কবির আহমদ সওদাগরের সমর্থকেরা বুধবার রাত সাড়ে ১০টায় অপর প্রার্থী সাজ্জাদ বোরহান উদ্দিনের সমর্থকদের ওপর হামলা চালিয়ে অন্তত ৩০টি বসতবাড়ি ভাঙচুর করে। এ সময় উত্তেজিত জনতা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেনের গাড়িও ভাঙচুর করে। হামলায় আহত হয় অন্তত ২০ জন।একই সময়ে মাতারবাড়ী ইউনিয়নের মনহাজিরপাড়া এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম ও তাঁর সমর্থকদের সঙ্গে গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে ১৫ জন আহত হয়। এর মধ্যে গুলিবিদ্ধ সাইফুল ইসলাম, মকছুদ আহমদ লেডু, আলাউদ্দিন ও হারুন রশিদকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বুধবার রাতে বড় মহেশখালী ও কুতুবজোম এলাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও গতকাল কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ বোরহানের সমর্থকেরা বিক্ষোভ মিছিল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা ছত্রভঙ্গ করে দেয় এবং পুলিশের লাঠির আঘাতে ২০ জন আহত হয়।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা নিয়ে এ পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও এ টি এম কাউসার হোসেন জানান, পরিস্থিতি শান্ত রাখতে কুতুবজোম, বড় মহেশখালী, কালারমারছড়া ও মাতারবাড়ী ইউনিয়ন এলাকায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের টহল জোরদার করা হয়েছে।