মহেশখালীতে দুই ডাকাত আটক একজনের চোখ উৎপাটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে শীর্ষস্থানীয় দুই ডাকাতকে আটক করে একজনের দুই চোখ উৎপাটন করে দিয়েছে এলাকাবাসী। উপজেলার পশ্চিমপাড়ায় শনিবার এ ঘটনা ঘটে। আটক হওয়া ওই দুই ডাকাত হচ্ছেন চাইন্দা (৩২) ও নবীর আহমদ প্রকাশ বেদাইয়া (৩২)। এলাকাবাসী চাইন্দার দুই চোখ উৎপাটন করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে উপজেলার শাপলাপুর ইউনিয়নের পশ্চিমপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী চাইন্দা ও বেদাইয়াকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাঁরা চাইন্দার দুই চোখ উৎপাটন করে। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চাইন্দাকে শনিবার রাতেই প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গতকাল রোববার সকালে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী অভিযোগ করে, দীর্ঘদিন ধরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার এনাম বাহিনীর অন্যতম দুই সদস্য ডাকাত চাইন্দা ও বেদাইয়ার নেতৃত্বে মহেশখালী-মাতারবাড়ি সড়কে ডাকাতি হচ্ছিল। তাঁদের গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তীর ভাষ্যমতে, চাইন্দা ও বেদাইয়া এলাকার শীর্ষস্থানীয় ডাকাত এবং তাঁদের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে।