মহেশখালীতে দুই পক্ষের গুলিবিনিময়, গুলিবিদ্ধ ২
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত মঙ্গলবার বিকেলে কাসেম গ্রুপ ও খলিল গ্রুপ নামে পরিচিত দুই সন্ত্রাসী দলের মধ্যে পাল্টাপাল্টি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পাশাপাশি স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, কালারমারছড়া ইউনিয়নের সন্ত্রাসী কাসেম এবং খলিলের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার, চিংড়িঘের দখল ও পাল্টাপাল্টি মামলা নিয়ে বিরোধ চলে আসছে। ইতিমধ্যে এই দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে বেশ কয়েকবার বন্দুকযুদ্ধে দুজন নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গত মঙ্গলবার বিকেলে কালারমারছড়া ইউনিয়নের নুনাছড়ি বাজারের পাশে খলিলের সমর্থক হিসেবে পরিচিত চাঁদ মিয়া মাঝি নামের এক পানচাষি বাঁশের খুঁটি নিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ কাসেম গ্রুপের লোকজন তাঁর কাছ থেকে বাঁশ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে খলিল গ্রুপের লোকজন এসে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় এবং পাল্টাপাল্টি গুলি ছোড়ার ঘটনা ঘটে। এ সময় মোহাম্মদ রশিদ (২৬) ও মোহাম্মদ কামাল হোসেন (২০) নামের দুজন গুলিবিদ্ধ হন। আহত হন আরও পাঁচজন।