মহেশখালীতে দুই পক্ষের গুলিবিনিময় অস্ত্রসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ রবিউল আলম (১৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়ার কাঁঠালতলী পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার কাঁঠালতলী পাহাড়ি এলাকার সাবেক ইউপি সদস্য জোনাব আলী ও জালাল আহমদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গত ২৭ ডিসেম্বর জোনাব আলী পক্ষের লোকজনের গুলিতে জালাল পক্ষের কালা খাতুন নামে এক মহিলা নিহত হন। গত ১৮ জানুয়ারি এই মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহেশখালী থানার উপপরিদর্শক পরেশ কার্বারি মামলার তদন্ত ও আসামি ধরার জন্য ওই এলাকায় গেলে জোনাব আলী পক্ষের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন পুলিশ কর্মকর্তা পরেশ কার্বারি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪৩ জনের বিরুদ্ধে একটি মামলা করলে জোনাব আলী পক্ষের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়। মহেশখালী থানার পুলিশের ভাষ্যমতে, সম্প্রতি জোনাব আলী পক্ষের লোকজন উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে এসে এলাকায় আবারও সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। গতকাল সকাল আটটায় জোনাব আলী পক্ষের লোকজন জালাল পক্ষের লোকজনকে ধাওয়া করলে তারাও পাল্টা ধাওয়া করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকটি গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় এক পথচারীসহ জোনাব আলী পক্ষের দুই সদস্য আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ দেশীয় এলজি ও দুটি গুলিসহ এসআই পরেশ কার্বারি হত্যা মামলার আসামি জোনাব আলী পক্ষের সদস্য রবিউলকে গ্রেপ্তার করে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ওই এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।